জাতীয়

ফের বাড়ল এলপিজির দাম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ নভেম্বর, ২০২১

আরেক দফা বাড়ানো হলো এলপিজি গ্যাসের দাম। গ্রাহক পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৯ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

একই দিন রাজধানীর কাওরান বাজারে বিইআরসি সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব রুবিনা ফেরদৌসী, সদস্য মকবুল-ই-ইলাহি, আবু ফারুকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ অক্টোবর বাড়ানো হয় এলপিজির দাম। সে দফায় ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ১ হাজার ৩৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৫৯ টাকা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একইসঙ্গে বেড়েছে পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দাম। যা অটোগ্যাস নামে প্রচলিত। নভেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৮ দশমিক ৬৮ থেকে বাড়িয়ে ৬১ টাকা ১৮ টাকা নির্ধারণ করা হয়। লিটারে বেড়েছে ২ টাকা ৫০ পয়সা। আর গেল অক্টোবরেই বেড়েছিল ৮ টাকা ১২ পয়সা।

সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি সিপি অনুসারে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে টন প্রতি ৮৭০ এবং ৮৩০ ডলার, মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় নভেম্বরে জন্য এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। যা অক্টোবরে ছিল যথাক্রমে প্রতি টন ৮০০ ডলার এবং ৭৯৫ ডলার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads