লালমনিরহাট জেলা সদরের বড়বাড়ি ইউনিয়নে বাসের ধাক্কায় জয়নাল আবেদীন (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
আজ রোববার সকালে ইউনিয়নের তেঁতুলতলা নামক এলাকার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল ওই ইউনিয়নের বৈরাগী কুমার এলাকার আহমেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে কুড়িগ্রামের দিকে যাচ্ছিলেন জয়নাল আবেদীন। ওই তেঁতুলতলা বাজারে পৌঁছালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়লে ব্যবসায়ী জামাল ও তার স্ত্রী নুর নাহার বেগম আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে।
লালমনিরহাট সদর থানার ওসি-তদন্ত শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।





