তাড়াশের বিনসাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ভোট না দেওয়ায় তামিম হোসেন (৩২) নামে একজনকে পিটিয়ে হাত ও পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। তার অবস্থার অবনতি হওয়ায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনাসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত তামিম হোসেন ওই গ্রামের গোলবার হোসেনের ছেলে।
আহত যুবকের বাবা গোলবার হোসেন বলেন, সম্প্রতি বিনসাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়। সেখানে হামলাকারীদের প্রার্থীকে ভোট না দেওয়ায় শুক্রবার সকালের বাজারের আসার সময়ে আমার ছেলের ওপর এই নির্যাতন করা হয়েছে। একই গ্রামের মৃত রফাদ আলীর ছেলে ভুট্টুর নেতৃত্বে আবুল কালাম, সোহাগ হোসেন, মামুন হোসেন অতর্কিত হামলা চালিয়ে লোহার পাইপ, রড ও লাঠিসোঁটা দিয়ে ছেলেকে পিটিয়ে হাত ও পা ভেঙে দেয়। স্থানীয়রা এগিয়ে এসে আমার ছেলেকে উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করেন।





