ঢাকার কেরানীগঞ্জে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মাদকসেবীদের বিরুদ্ধে। গতকাল রোববার রাত ১০টার দিকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ব্যবসায়ীর নাম হাজী রফিক (৪৫)। তিনি কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের পূর্ববন্দ ডাকপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, নিহত ব্যবসায়ী দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর বাঁশপট্টি এলাকায় ওয়াশিং ফ্যাক্টরির ব্যবসা করে আসছিলেন।
নিহতের ছেলে মো. আল আমিন জানান, গত বৃহস্পতিবার রাতে কারখানার এক কর্মচারী ফোন করে জানান, কারখানায় বিদ্যুৎ নাই। পরে আমি ও আমার বাবা আমাদের বাসা (পূর্ববন্দ ডাকপাড়া) থেকে কারখানাতে যাই। সেখানে গিয়ে দেখি কয়েকজন মাদকসেবী আমাদের কারখানার সামনে ঝগড়া করছে। ঝগড়ার জের ধরে কারখানার বৈদ্যুতিক মিটারটা ভেঙে ফেলেছে। কেন আমাদের কারখানার মিটার ভাঙ্গলো এমন কথা জিজ্ঞাসা করি। এতে উল্টো তারা আমার ও আমার বাবার উপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে মাদকসেবীরা বাবার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বাবা মাটিতে পরে যায়। আমি চিৎকার দিলে কারখানা থেকে কর্মচারীরা নেমে আসে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে বাবাকে রাতেই মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা বাবাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করে। ঢাকা মেডিকেল থেকে অস্ত্রপাচার শেষে গতকাল মগবাজার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করি। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় গতকাল রোববার রাত ১০ তিনি মারা যান। প্রতিবাদ করায় আজ আমার বাবাকে সন্ত্রাসীরা মেরে ফেললো। আমি এতিম হয়ে গেলাম। আমি এর সঠিক বিচার চাই।
এলাকাবাসীর অভিযোগ আগানগর বাশঁপট্টি এলাকায় একাধিক মাদক কারবারী রয়েছে। তারা চিহ্নিত মাদক ডিলার। তাদের ভয়ে কেউ মুখ খুলছে না। তবে মাদকের বিরুদ্ধে প্রশাসন সভাসমাবেশ করলেও এর কোন প্রতিকার আসছে না।
দক্ষিণ কেরানীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমরা দু’দিন আগেই হাজী রফিককে মারধোরের অভিযোগ পেয়েছি। স্বজনরা একটা মামলা দায়ের করেছেন। পরিবারের মাধ্যমে জেনেছি, গত রোববার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মারা গেছে। আসামিদের ধরতে আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেব।





