মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে জাল তৈরির কারখানার মালিক ও শ্রমিকরা। এসময় অংশগ্রহণকারীরা মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জের প্রত্যাহার ও মধ্যরাতে অবৈধভাবে বিভিন্ন শিল্পকারখানা, বসতবাড়িতে হয়রানি, মিথ্যামামলা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধের দাবি জানান।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় তারা অভিযোগ করে বলেন, নৌ-পুলিশের ওসির সন্ত্রাসী বাহিনী আছে, যার মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে। সে দুর্নীতি করছে। লোক দেখানো জালের অভিযান চালাচ্ছে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে কারখানার মালিকদের। অথচ কারেন্ট জাল তৈরির প্রকৃত মালিকদের কারখানা চলছে। তিনি এখানে একটি পক্ষের হয়ে কাজ করছে।
অর্ধশতাধিক জাল তৈরির কারখানার শ্রমিক এতে অংশ নেয়। তাহসিনা রোপ এন্ড আয়রন ওয়াসিং ইন্ড্রাস্ট্রিজ এর স্বত্তাধিকারী গোলাম কিবরিয়ার নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।





