ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বৃহস্পতিবার দুপুরে ২৩৪ বোতল ফেন্সিডিলসহ মোটর সাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অপর আরেকটি মোটর সাইকেলের আরোহী পালিয়ে যায়। এ সময় পুলিশ ফেন্সিডিল পাঁচারে ব্যবহৃত দু’টি মোটর সাইকেল জব্দ করে।
দুপুর পৌনে ২ টার দিকে জেলার শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে শ্রীনগর উপজেলার মাশুরগাঁও পুরাতন ফেরীঘাট এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান চালায় পুলিশ। ধৃত মোটর সাইকেল আরোহীর নাম সবুজ আহমেদ (২৭)। সে চুয়াডাঙ্গার শান্তিগনগরের মো: আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, করোনা আতংকের মধ্যে এক্সপ্রেসওয়ে হয়ে পৃথক দুটি মোটর সাইকেলে করে ফেন্সিডিল পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় পুলিশের টিম।
এ সময় পুলিশ পৃথক দুটি মোটর সাইকেলকে পথরোধের চেষ্টা করলে একটি মোটর সাইকেল ফেলে আরোহী দৌড়ে পালিয়ে যায়। অপর মোটর সাইকেলের আরোহী সবুজকে পুলিশ ধরতে সক্ষম হয়।
পরে মোটর সাইকেল দুটি থেকে পৃথক চারটি ব্যাগভর্তি অবস্থায় ২৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তিনি আরো জানান, করোনার আতংকের মধ্যেও মোটর সাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে ফেন্সিডিল বহন করে জেলার শ্রীনগরে মাদক ব্যবসায়ীদের কাছে এ ফেন্সিডিল পাঁচার করা হচ্ছিল।
এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে শ্রীনগর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।





