মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাজারের পুড়ে ছাই হয়ে গেছে ২১ ব্যবসা প্রতিষ্ঠান।
গতকাল রোববার (২৭ মার্চ) রাত ১১টার দিকে বালিগাঁও বাজারের পেঁয়াজপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টার দিক বালিগাঁও বাজারের পেঁয়াজপট্টির একটি দোকানে আগুন দেখতে পায় বাজারে থাকা লোকজন।। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা প্রচেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এরমধ্যে পুড়ে যায় ২১টি দোকান অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বড় অংকের আর্থিক ক্ষতির ক্ষতির কথা জানিয়েছে দোকান মালিকরা।
টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ উদ্দিন কবির বলেন, গভীর রাতে অগ্নিকান্ডে ২১টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা রাত ১১.১৫ টার দিকে খবর পেয়ে ১১.৩০ টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি।





