ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার (ওটি) সিলগালাসহ ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার বিকেল এ রিপোট লেখা পর্যন্ত র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আকতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।
এ অভিযানে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-১৪'র মেজর মোঃ শিবলী সাদিক, ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার তৌফিক হাসান শাওনসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
সোমবার বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৬ লাখ, প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৬ লাখ, লিভার্র্টি হাসপাতালকে ৪ লাখ ৫০ হাজার, মেমোরিয়াল ডায়াগনস্টিককে ২ লাখ, মৈত্রী নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার কক্ষ সিলগালাসহ ৪ লাখ, রেডিয়াম ডায়াগনস্টিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও মঙ্গলবার দুপুরে নগরির স্বদেশ হাসপাতাল প্রোঃ লিমিটেডকে ৬ লাখ টাকা জরিমানা করে একই ভ্রাম্যমান আদালতের টিম। ম্যাজিস্ট্রেটের দেয়া বক্তব্যে সুত্রে জানা যায় সর্বমোট ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকতারুজ্জামান ও ময়মনসিংহ র্যব ১৪এর অধিনায়ক লে. কর্নেল মোঃ এফতেখার উদ্দিন বলেন আগামী এক মাসের মধ্যে সকল অনিয়ম দূর করার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা ঠিক না থাকা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য রি-এজেন্টসহ অত্যাবশকীয় জিনিসপত্র নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করা, কয়েকজন রোগী চিকিৎসাধীন থাকলেও কর্তব্যরত কোনও চিকিৎসক না থাকা, অপারেশন থিয়েটারে মরিচাযুক্ত কাঁচি ও ব্যবহৃত উপকরণসমূহ জীবাণুমুক্ত করার জন্য কোনও অটোক্লেভ মেশিন না থাকা, মেয়াদোত্তীর্ণ সিরিঞ্জ, ব্যবহৃত পুরনো ঔষধে ময়লার আস্তর, অপরিচ্ছন্ন বিছানার চাদর ও বালিশ থাকায় এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে জরিমানা করা হয়েছে। এ ছাড়াও নগরীর ছোট বড় অন্যান্য ক্লিনিকগুলোতে র্যাবের ভ্রাম্যমাণ আদলতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
অভিযান চলাকালে দেখতে আসা হাজার হাজার উৎসুক মানুষের মুখে হাসির ঝিলিক লক্ষ করা গেছে।





