রাবিতে মহান বিজয় দিবস উদযাপিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রাবিতে মহান বিজয় দিবস উদযাপিত

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ ডিসেম্বর, ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। রোববার দিবসটি উপলক্ষে রাত ১২ টা এক মিনিটে শহীদ মিনারে এবং সকাল ৭টা ১৫ মিনিটে গণকবর স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফসহ ঊর্ধতন কর্মকর্তাগণ।

এছাড়া সকাল ৮টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে খেলাধুলা, সকাল সাড়ে ৯ টায় শেখ রাসেল মডেল স্কুল প্রাঙ্গণে আনন্দ মেলা, সকাল ১০ টা ৪৫ মিনিটে সিনেট ভবন চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট, ফুটবল ও হ্যান্ডবল খেলা এবং বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত এবং সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা ও কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এদিকে দিবসের কর্মসূচিতে রাত ১২ টা এক মিনিটে রাবি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকেরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আরো ছিল সকাল ৭টায় রাবি শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতি, হল প্রশাসন ও অন্যান্য সংগঠনের প্রভাতফেরি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১০:৩০ মিনিটে কেন্দ্রীয় কাফেটেরিয়া চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাবি ইউনিট কমান্ডের ও কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পশ্চিম চত্বরে রাবি অফিসার সমিতি এবং নিজ নিজ কার্যালয় প্রাঙ্গণে রাবি সহায়ক কর্মচারী সমিতি, পরিবহন কর্মচারী সমিতি ও সাধারণ কর্মচারী ইউনিয়ন আলোচনা সভার আয়োজন করে।

এদিন রাবি শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ও বরেন্দ্র গবেষণা জাদুঘর সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads