লালমনারহাট পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৫ জন আহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টায় দিকে পৌরসভার কয়েকটি কেন্দ্রে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সুফি তাহেরুল ইসলাম, আব্দুল জলিলসহ মোট ৫ জন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার ভোটগ্রহণ শুরু হলে দক্ষিণ বত্রিশ হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়, রেলওয়ে চিল্ড্রেন পার্ক স্কুল ও সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রার্থীর সমর্থকরা বিক্ষিপ্তভাবে অনুষ্ঠান নেয়। একপর্যায়ে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যাক্ষ হাবিবুর রহমান হাবিব, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জাহিদুল ইসলাম শিকদার, সুফি তাহেরুল ইসলামসহ ৫জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম জানান, কয়েকটি ভোট কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে শুরু থেকে কেন্দ্রের ভিতরের পরিবেশ শান্তিপূর্ণ বলেও জানান তিনি।





