কবি মামুন মুস্তাফা সম্পাদিত মন ও মননের ছোটকাগজ লেখমালা তৃতীয়বারের মতো ‘লেখমালা সম্মাননা’ দিলো তিন গুণীকে।
শনিবার রাজধানীর কাঁটাবনের কবিতাক্যাফে নামের একটি বুকশপে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাহিত্য ও শিক্ষার নানা শাখায় গৃরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিন গুণীকে এ সম্মাননা দেওয়া হয়।
কবিতায় সৃজনশীলতার জন্য পেলেন নব্বইয়ের দশকের উজ্জ্বল কবি মাসুদার রহমান এবং ছোটকাগজ সম্পাদনার জন্যে এই সম্মাননা দেওয়া হয়েছে সিলেট থেকে প্রকাশিত ‘বুনন’ সম্পাদক খালেদ উদ-দীনকে।
তবে এবারই প্রথম লেখমালা শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য অধ্যাপক ‘গোলাম রসূল স্মৃতিপদক’ প্রবর্তন করে। প্রথমবারের মতো এই পদক পান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসেবে সম্মানিত বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোজাফফর হোসেন।
লেখমালা সম্পাদক, কবি মামুন মুস্তাফার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে কবি শিহাব সরকার, আতাহার খান ও মজিদ মাহমুদ উপস্থিত থেকে সম্মানিতদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এ ছাড়া লেখমালার কর্মের নানা দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি গোলাম কিবরিয়া পিনু, বায়তুল্লাহ্্ কাদেরী ও লিটল ম্যাগকর্মী দীপ্ত উদাস।
অনুষ্ঠানে লেখমালার নতুন সংখ্যা তথা ১২তম সংখ্যার পাঠ উন্মোচনসহ নতুন প্রকাশনী হিসেবে যাত্রাপর্বে লেখমালা প্রকাশিত পাঁচটি কাব্যপুস্তিকা প্রদর্শন ও কবিতা পাঠ করা হয়।
সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন লেখমালার সহযোগী সম্পাদক কবি তুষার প্রসূন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তিনিকেতনের ছাত্রী প্রতিমা মিত্র।





