বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন ১২০ বছর বয়সী বাক প্রতিবন্ধী খুদবানু। আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান খুদববানুর বাড়িতে গিয়ে এ কার্ড তুলে দেন খুদবানুর হাতে।
মদনের কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামের খুদবানুর স্বামী মারা গেছেন ৫০ বছর আগে। সেই থেকে খুদবানুর জীবন কোনো রকমে চলছে ভিক্ষাবৃত্তি করে। তার কোনো সন্তান কিংবা আপন বলতে কেউ নেই।
এলাকাবাসীরা জানিয়েছেন, বয়সের ভারে কর্মক্ষমতা খুদবানু অনেক আগেই ভিক্ষাবৃত্তিতে নেমেছে। অসহায় ওই বৃদ্ধার নিজের ঘর না থাকায় খোলা আকাশের নীচে সে পড়েছিল দিনের পর দিন। সম্প্রতি গ্রামবাসী মিলে তাকে একটি ছোট ছাপড়া ঘর তুলে দেয়। এখন এখানে তিনি ওই ঘরে বসবাস করছেন। বাক প্রতিবন্ধী হওয়ায় তিনি কথা বলতে পারেন না। সবাইকে ইশারা ইঙ্গিতে তার অভিব্যাক্তি বুঝানোর চেষ্টা করেন।
মদন থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়ালীউল হাসান জানান, খুদবানুর সম্পর্কে আমার জানা ছিল না। বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর তা জানতে পারি। এরই প্রেক্ষিতেই তাকে বয়স্ক ভাতার কার্ড দেয়া হয়েছে। কার্ড দেয়ার তোলে দেয়ার সময় তার সঙ্গে ছিলেন মদন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানসহ অনেকেই।





