জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ রিভিউ হতে পারে : স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ মার্চ, ২০২১

মহামারি প্রকট আকার ধারণ করায় করোনা পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়, প্রাদুর্ভাব বেড়ে গেলে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

আজ সোমবার (১৫ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বিষয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এটা রিভিউ করা হতে পারে। করোনা সংক্রমণ যদি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই এটা তারা রিভিউ করবেন। আর যদি করোনা নিয়ন্ত্রণে থাকে তাহলে হয়তো তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন।

এসময় তিনি বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্ট করার ব্যাপারে সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রতিটি হাসপাতালে করোনা ইউনিটকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

মানুষের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করছে, এটি উদ্বেগজনক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে করোনায় মৃত্যুর হার হঠাৎ করে বেড়ে যাওয়ার ঘটনায় সরকার সতর্ক, মানুষ স্বাস্থ্যবিধি না মানাই মূল কারণ।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads