শিশুসন্তানসহ কলেজে আসায় তিন ছাত্রীকে বের করে দিলেন অধ্যক্ষ

প্রতীকী ছবি

সারা দেশ

শিশুসন্তানসহ কলেজে আসায় তিন ছাত্রীকে বের করে দিলেন অধ্যক্ষ

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ অক্টোবর, ২০২১

নাটোরের রাণী ভবানী সরকারি কলেজে শিশুসন্তান নিয়ে অনুষ্ঠানে আসায় তিন শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ ও এক শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ হলে প্রতিবাদের ঝড় উঠেছে। গত রোববার দুপুরে ওই কলেজেরই মেহজাবিন ময়ূরী ও উম্মে হাবিবা নামে শিক্ষার্থী তাদের আইডি থেকে দুই শিক্ষকের ছবিসহ ‘এমন শিক্ষকের হাত ধরে কীভাবে এগোবে নারী শিক্ষা’ শিরোনামে পোস্ট দিলে ফেসবুকে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে।

শিক্ষার্থী উম্মে হাবিবা জানান, ২১ অক্টোবর ওই কলেজে অনার্স ২০২০-২১ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বাচ্চা নিয়ে প্রবেশ করায় তিনজন মা শিক্ষার্থীকে বের করে দেন ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের প্রফেসর ও অধ্যক্ষ মঞ্জুরা বেগম ও একই বিভাগের সহকারী অধ্যাপক তাসলিমা খাতুন। ওই তিন শিক্ষার্থী অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করলেও শুধু সঙ্গে বাচ্চা থাকায় তাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানান শিক্ষার্থী উম্মে হাবিবা। সহকারী অধ্যাপক তাসলিমা খাতুন বলেন, অনুষ্ঠানে বাচ্চারা কান্নাকাটি করায় অনুষ্ঠান বিঘ্ন হচ্ছিল, তাই আমি তাদের সেখান থেকে বের হয়ে একটু ঘুরে আসতে বলেছি।

অধ্যক্ষ মঞ্জুরা বেগম বলেন, এমন কোনোই ঘটনা ঘটেনি। একটি মহল আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আপনি নাম-ঠিকানা দেন। তাদের সঙ্গে কথা বলি। তারা যে ভাষায় ফেসবুকে পোস্ট দিয়েছে তা কোনো শিক্ষার্থীর ভাষা হতে পারে না। জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। ভুক্তভোগী শিক্ষার্থীদের যোগাযোগ করতে বলেছি। তাদের কাছে ঘটনা শুনে বিষয়টি খতিয়ে দেখব।

-

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads