শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি:
কমিটি গঠনের মাত্র দুই দিনের মাথায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলাসহ জেলার মোট তিনটি উপজেলার ৫টি ইউনিটের কার্যক্রম স্থগিত করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
শনিবার যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় নেতৃবৃন্দের কিছু অভিযোগ ও পর্যবেক্ষণের ভিত্তিতে ঝিনাইদহ জেলার নিম্নলিখিত ইউনিট শৈলকুপা উপজেলা, শৈলকুপা পৌর, কালীগঞ্জ উপজেলা, কালীগঞ্জ পৌর ও মহেশপুর উপজেলা সমূহের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু পরীক্ষা নিরিক্ষা করে খুব দ্রুতই স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিবেন।
সুত্র জানায়, গত ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের ৬ টি উপজেলা ও পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়। এতে সরকারি-বেসরকারি চাকুরিজীবি ও বিপুল টাকার লেনেদেনের মাধ্যমে অযোগ্যদের পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।





