গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এক গৃহবধূকে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় প্রতিপক্ষের ধারালো দায়ের কোপে গৃহবধূর স্বামী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান মুলাইদ এলাকার ফজলুল করিম মেন্দির পুত্র শাহিদ মিয়া ও তার স্ত্রী মোর্শেদার সাথে একই এলাকার আহাম্মদ আলীর পুত্র নুরু মিয়া, বাচ্চু মিয়া, জাফর আলী ও ফেরদৌসদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ বৃহস্পতিবার সকালে নুরু মিয়ার নেতৃত্বে একদল অস্ত্রধারী শাহিদের বাড়িতে হামলা চালিয়ে তাদের কুপিয়ে আহত করে। এ সময় প্রতিপক্ষরা তাদের (শহিদের) ঘরের গ্যাস সিলিন্ডার ও মটর সাইকেলের ফ্লাগ খুলে আগুন ধরিয়ে দেয়। পরে তার স্ত্রী মোর্শেদার শরীরের বেশ কিছু পুড়ে যায়। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনে। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ঘটনায় অগ্নিদ্বগ্ধ মোর্শেদার স্বামী শাহিদ মিয়া বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।





