সখীপুরে কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি, ২০২১

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ওয়াজেদ আলী মিয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সখীপুর উপজেলা কলেজ শিক্ষক সমিতি মোখতার ফোয়ারা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমএ রউফ, অধ্যক্ষ বেলায়েত হোসেন, অধ্যক্ষ সাঈদ আজাদ, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, অধ্যক্ষ রফিক-ই-রাসেল প্রমুখ বক্তব্য দেন। বক্তারা কলেজ ওই শিক্ষকের উপর বখাটেদের হামলার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সখীপুর আবাসিক মহিলা কলেজের ওই শিক্ষক পৌর শহরের একটি কম্পিউটারের দোকানে প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করতে যান। ফটোকপি করা নিয়ে দোকান মালিক ইফতির সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইফতি ও বন্ধু শিহাব এবং আসলাম ওই শিক্ষকের উপর হামলা করে। এ ঘটনায় শুক্রবার রাতে ওয়াজেদ আলী বাদী হয়ে মামলা করলে পুলিশ ইফতিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

সখীপুর থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়া বাংলাদেশের খবরকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads