জ্বর,সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মালয়েশিয়া ফেরত এক যুবক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে অসুস্থ অবস্থায় ওই যুবক হাসপাতালে চিকিৎসা নিতে যান। পরে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
ওই যুবক সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন না বলে এলাকাবাসী জানায়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানস কুমার বলেন, মালয়েশিয়া ফেরত এই যুবক গত বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। তবে শ্বাসকষ্ট কম আছে। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক জয়ন্ত কুমার সরকার বলেন, সর্দি-কাশি ও জ্বর নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ওই যুবক দেড় মাস আগে মালয়েশিয়া থেকে সাতক্ষীরায় ফিরেছেন। তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন না।
এদিকে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার পর্যন্ত বিভিন্ন দেশ থেকে সাতক্ষীরায় ফিরে আসা ৩ হাজার ৫১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া ১২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। তার মধ্যে দুই জনের রিপোর্ট এসেছে নেগেটিভ। বাকি ১০ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।





