সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ঐতিহাসিক সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে হতে যাচ্ছে কারুশিল্পগ্রাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কারুশিল্পীরা এ কারুশিল্প গ্রামে এসে বসবাসের পাশাপাশি তাদের কারুপণ্য তৈরি ও বিপণনের সুযোগ পাবেন। শিল্পাচার্য জয়নুল আবেদীনের লালিত স্বপ্নপূরণের লক্ষে চলতি বছরই এ কারুশিল্প গ্রাম বাস্তবায়ন করা হবে জানিয়েছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এর আগে ফাউন্ডেশন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিল্পাজার্য জয়নুল আবেদীনের ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শিল্পাচার্য জয়নুল আবেদীনের দেখা না হলে হয়তো কোনো দিন লোক ও কারুশিল্প ফাউন্ডেশন হতো না। শিল্পচার্য জয়নুল আবেদীন সেই ১৯৫৫ সাল থেকেই কারুশিল্প সংগ্রহশালা করার স্বপ্ন দেখেছিলেন। পাকিস্তান আমলে পাকিস্তানি শাসকদের দ্বারে দ্বারে ঘুরে অনেক চেষ্টা করেছেন কিন্ত তারা কেউই শিল্পাচার্যকে সংগ্রহশালা প্রতিষ্ঠায় সহায়তা করেনি। দেশ স্বাধীন হওয়ার পর শিল্পাচার্যের স্বপ্নপূরণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সাথে জয়নুল আবেদীনের ঘনিষ্ট সম্পর্ক ছিল। স্বাধীন বাংলাদেশের যে সংবিধান রচিত হয়েছিল সেখানে অলংকরণ করেছিলেন জয়নুল আবেদীন। বাংলাদেশের লোকশিল্প সংগ্রহ ও সংরক্ষণের জন্য জয়নুল আবেদীনের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে শিল্পাচার্য জয়নুল আবেদীনই বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা। অনুষ্ঠানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে ও রেজিস্ট্রেশন কর্মকর্তা মোজাম্মিল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত উপ-পরিচালক একে আজাদ সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পাচার্য জয়নুল আবেদীনের কনিষ্ঠ পুত্র প্রকৌশলী ময়নুল আবেদীন। এ ছাড়া বক্তব্য রাখেন সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু। বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি ড. আমিনুর রহমান সুলতান বলেন, আমরা শিল্পাচার্য জয়নুল আবেদীনের স্বপ্ন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবারই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছে। আমরা তাঁর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। তিনি স্বপ্ন দেখেছিলেন সোনারগাঁয়ে একটি কারুশিল্প শিল্পগ্রাম প্রতিষ্ঠা করবেন, আশা করছি চলতি বছরই তা বাস্তবায়ন করা সম্ভব হবে। এ ছাড়া ফাউন্ডেশন চত্বরে একটি নৌকার জাদুঘর করা হবে যেখানে দেশের সকল ধরনের নৌকা সংরক্ষণ করা হবে। পাশাপাশি আবহমান বাংলার কৃষিকাজে ব্যবহৃত প্রচলিত দেশীয় যন্ত্রপাতি ও ফসলের বীজ নিয়ে আলাদা সংগ্রহশালার পরিকল্পনাও রয়েছে। স্থানীয় স্কুল কলেজের ছাত্রীদের নকশি কাঁথা ও নকশি পাখা তৈরির প্রশিক্ষণও দেওয়া হবে যাতে তারা কারুশিল্পের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারে।
অনুষ্ঠানে ১৯৪৫ সালের কৃষক সম্মেলনে আবদুল মজিদ তালুকদারের গাওয়া বিখ্যাত গান পরিবেশন করেন তার পুত্র আবুল বাশার তালুকদার।





