কুমিল্লার ইভিএম পদ্ধতিতে এই প্রথম নারী-পুরুষ ভোটারদের উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বিএনপি প্রার্থী আবদুল লতিফকে ৮,১৭৪ ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারীভাবে পুনরায় মেয়র পদে বিজয়ী হয়েছেন।
গতকাল রোববার রাত সাড়ে আটটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থাপিত নির্বাচনী কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, মোট ভোট সংখ্যা ২৫,১১২ জনের মধ্যে ভোট পড়েছে ১৫,৬২৮টি। প্রাপ্ত ফলাফলে অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ১১,৪৬২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে আলহাজ্ব আবদুল লতিফ পেয়েছেন ৩,২৮৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত মুফতি আবদুল হাকিম হাত পাখা প্রতীকে পেয়েছেন ৮৫৭ ভোট।
বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১ নং ওয়ার্ডে মো. বিল্লা হেসেন, ২ নং ওয়ার্ডে মো. আবুল হোসেন, ৩ নং ওয়ার্ডে মো. সফিকুল ইসলাম সবু, ৪ নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ৫ নং ওয়ার্ডে মো. শাহনুর আহমেদ সুমন, ৬ নং ওয়ার্ডে আবদুল মোন্নাফ, ৭ নং ওয়ার্ডে কামাল হোসেন, ৮ নং ওয়ার্ডে মো. আবদুল কাদির, ৯ নং ওয়ার্ডে আবদুস সোবহান এবং বিজয়ী সংরক্ষিত নারী কাউন্সিলররা হলেন- ১,২,৩ নং ওয়ার্ডে সুকিয়া বেগম, ৪, ৫,৬ নং ওয়ার্ডে শিল্পী আক্তার, ৭,৮,৯ নং ওয়ার্ডে ফাতেমা বেগম।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থাপিত কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। ফলাফল ঘোষণার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন- হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম, হোমনা উপজেলা নির্বাচন অফিসার মো. বিল্লাল মেহেদী, মুরাদনগর উপজেলা নির্বাচন অফিসার মাসুদ আহমেদ সিকদার ও চান্দিনা উপজেলা নির্বাচন অফিসার আহসানুল হাবিব।
হোমনা পৌরসভার ৯ টি ওয়ার্ডে কেন্দ্র সংখ্যা ১১ টি। মোট ভোটার রয়েছে ২৫ হাজার ১১২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ১২ হাজার ২০৫ জন।





