করোনা ভাইরাস সংক্রমণে এখনো সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ঠিক এমন অবস্থায় দেশের শপিংমল গুলো খুলে দেওয়া উচিত হবে না বলে মনে করছেন ৯৩ শতাংশ মানুষ।
এ ব্যাপারে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এক ফেসবুকে একটি জরিপ করে।
তাতে দেখা যায় ৯৩ শতাংশ মানুষই শপিংমল খোলার বিপক্ষে।
আজ শনিবার আগামী অর্থবছরের জাতীয় বাজেটের জন্য সিপিডির সুপারিশমালা উপস্থাপনের আগে ফেসবুক জরিপের এই ফলাফল জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
তিনি জানান, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে শপিংমল খোলার বিরুদ্ধে মত দেওয়ার পাশাপাশি জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৯৬ শতাংশ উত্তরদাতাই জানিয়েছেন, এই মুহূর্তে দেশে শপিংমল খুলে দেওয়া হলেও তারা যাবেন না।
তিনি আরও জানান, জরিপের শপিংমল খুলে দেওয়া উচিত হবে কিনা এমন প্রশ্নের উত্তর দেন ২ হাজার ২৬০ জন। এই উত্তরদাতাদের মধ্যে ২ হাজার ১০০ জনই 'না' সূচক জবাব দেন। 'হ্যাঁ' সূচক জবাব দেন ১৬০ জন। আর শপিংমল খোলা হলেও যাবেন কিনা, এ প্রশ্নের উত্তর দেন ১ হাজার ৪৭ জন। এদের মধ্যে ১ হাজার জন 'না' সূচক এবং ৪৭ জন 'হ্যাঁ' সূচক জবাব দেন।





