জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে একই পরিবারের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আহমেদ আলী (৫৭), তার স্ত্রী সালমা আহমেদ (৫০), তাদের ছেলে জাকারিয়া (৩৫) ও কিবরিয়া (৩০) এবং তাদের মেয়ে আসমা ফেরদৌস দীপা (২৫)।
এটিইউ সদরদপ্তরের (মিডিয়া এন্ড পিআর) পুলিশ সুপার (এসপি) মাহিদুজ্জামানের জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায় এটিইউয়ের একটি বিশেষ দল। বারবার বাসার মূল দরজায় কড়া নাড়লেও ওই পরিবারের কেউ দরজা খুলেনি। এক পর্যায়ে দরজা খুলে ওই পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়।
ওই কর্মকর্তার দাবি, আত্মরক্ষার্থে পুলিশ সেসময় গুলি চালালে ‘সন্দেহভাজন জঙ্গি’ জাকারিয়া গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এসপি মাহিদুজ্জামান বলেন, ‘অভিযুক্ত জঙ্গি’ আহমেদ আলী সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার।
তিনি বলেন, ওই বাসা থেকে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য, উন্নত ডিভাইস এবং উগ্রবাদ বিষয়ক বেশ কয়েকটি বই উদ্ধার করা হয়েছে।





