জনপ্রিয় গায়িকা দিঠি আনোয়ার একই সিনেমার তিনটি গানে কণ্ঠ দিয়েছেন। নারগিস আক্তার পরিচালিত ‘যৈবতী কন্যার মন’ সিনেমার তিনটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তিনটি গানই লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানগুলোর সুর-সংগীত করেছেন কিংবদন্তি সংগীত পরিচালক সুজেয় শ্যাম। এর মধ্যে একটি গান এককভাবে গেয়েছেন তিনি। সেটি হলো ‘অন্তরে অন্তর জ্বালা’। বাকি দুটি গান দ্বৈতকণ্ঠে তার সঙ্গে গেয়েছেন ‘আউলা হাওয়ায় বাউলা বাতাস’-এ অপু এবং ‘কালো যদি’তে কিরণ চন্দ্র রায়।
একই সিনেমার তিনটি গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘অবশ্যই এটা আমার জন্য ভীষণ ভালো লাগার। কারণ, এর আগে বিভিন্ন সিনেমায় এক-দুটি গানে কণ্ঠ দিয়েছি। কিন্তু এবার সর্বোচ্চ তিনটি গান। অবশ্যই এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আবার প্রতিটি গানই আব্বুর লেখা। গানগুলোর সুর-সংগীত করেছেন শ্রদ্ধেয় সুজেয় শ্যাম আঙ্কেল। তার সঙ্গে এবারই আমার প্রথম কাজ করা। আব্বু বলতেন, তাদের সময়টাতে অনেক সময় নিয়ে ধীরে ধীরে যত্ন নিয়ে গান সৃষ্টি করতেন। আব্বু এবং সুজেয় আঙ্কেলের সঙ্গে কাজ করতে গিয়ে গান সৃষ্টির ক্ষেত্রে সেই আন্তরিকতা, ধৈর্য এবং ভীষণ যত্নের বিষয়টি আমাকে দারুণ মুগ্ধ করেছে। গানগুলো রেকর্ডিংয়ের আগে আমাকে অনেক সময় দিয়েছেন যেন নিজের কণ্ঠে গানগুলোকে ভালোভাবে ধারণ করে নিই।’
এদিকে আজ দিঠি আনোয়ারের জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরটা শুরু হয় তার স্বামী আরিফ চৌধুরীর শুভেচ্ছা, ভালোবাসার মধ্য দিয়ে। একই সময়ে তার বাবা-মা এবং তার বড় ভাই উপলের (তারও জন্মদিন আজ) শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত হন তিনি। জন্মদিনে আজ তিনি সকাল ১০টা ৪০ মিনিটে আরটিভির ‘তারকালাপ’ অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন। এ ছাড়া দিনব্যাপী বন্ধুবান্ধবদের তাকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। রাতে বাবা-মা, স্বামী-সন্তানের সঙ্গেই বিশেষভাবে সময় কাটাবেন। দিঠি সম্প্রতি নাদের চৌধুরীর ‘জিন’ সিনেমাতেও একটি গান গেয়েছেন।
গান গাওয়ার পাশাপাশি দিঠি নিয়মিত উপস্থাপনাও করছেন। আরটিভির ‘এই রাত তোমার আমার’, মাছরাঙা টিভির ‘ইচ্ছে গানের দুপুর’, চ্যানেল আইয়ের ‘পালকি’ এবং একুশে টিভির ‘মনের মতো গান’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। দিঠি প্রথম প্লে-ব্যাক করেন গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘উল্কা’ সিনেমায়। বাবারই লেখা গানে সত্য সাহার সুর-সংগীতে দিঠির গাওয়া গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী।





