নেত্রকোণার কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ খান এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
আজ রোববার (২৭ ডিসেম্বর) উপজেলার কৈলাটি জনতা উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা নামাজ শেষে নিজ গ্রামে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাযা নামাজে দল-মত নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমরা অংশ নেন।
বিশিষ্ট সমাজ সেবক সুলতান আহমেদ খান কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন । তিনি উপজেলার হুগলি কনুড়া গ্রামের বাসিন্দা এবং স্বাধীনতা পরবর্তী কৈলাটি ইউনিয়নের ভাইস চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গ্রণগ্রাহী রেখে গেছেন। তার সন্তানরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার পাগলা বাজারে নিজ বাসার সামনে হাঁটছিলেন। এ সময় একটি কাঠবোঝাই অটো ইজিবাইক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও শরীরে প্রচণ্ড আঘাত পান। রোববার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় এর নেতৃত্বে কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক সহ একটি পুলিশ দল মরহুমকে গার্ড অফ অনার প্রদান করেন।





